বিনিয়োগের জন্য বাংলাদেশ উন্মুক্ত, ওয়াল স্ট্রিটকে জানালেন প্রধানমন্ত্রী প্রকাশিত: ৯:৩১ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২৬ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান স্থানীয় সময় শুক্রবার সকালে ম্যানহাটনের জেপি মর্গান সদর দপ্তরে ওয়াল স্ট্রিটের শীর্ষ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে মিলিত হন। বৈঠকে তিনি স্পষ্ট ভাষায় বলেন, 'আমাদের বার্তা খুবই পরিষ্কার- বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত।' রাজনীতিতে আসার আগে নিজের ব্যবসায়িক কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, বিনিয়োগের জন্য আস্থা, পূর্বানুমেয়তা এবং প্রবৃদ্ধির উপযোগী সঠিক পরিবেশ প্রয়োজন। তিনি জেপি মর্গান এবং অংশগ্রহণকারী বিনিয়োগকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি এখানে ওয়াল স্ট্রিটের মানুষ হিসেবে নন, বরং একজন বাংলাদেশি ও রাজনৈতিক নেতা হিসেবে দেশের মানুষের স্বার্থ রক্ষার দায়িত্ব নিয়ে এসেছেন। তিনি আরও বলেন, ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা যেমন তাঁদের স্বার্থ রক্ষায় কাজ করেন, তিনিও তেমনি বাংলাদেশ ও দেশের মানুষের সাফল্যের জন্য কাজ করছেন। প্রধানমন্ত্রী বলেন, ১৮ কোটির বেশি মানুষের দেশ বাংলাদেশ এখন তরুণ ও কর্মঠ জনগোষ্ঠী এবং ক্রমবর্ধমান বাজারের কারণে নতুন সম্ভাবনা ধারণ করছে। বিশ্ব বাংলাদেশকে তৈরি পোশাকের কেন্দ্র হিসেবে চিনলেও, বর্তমানে জ্বালানি, অবকাঠামো, লজিস্টিকস, প্রযুক্তি, ডিজিটাল সেবা, জলবায়ু অর্থায়ন, উৎপাদন, কৃষি ও স্বাস্থ্যসেবায় বিনিয়োগের বিশাল সুযোগ রয়েছে। ২০৩৪ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং বাংলাদেশকে বিশ্বব্যাপী সংযুক্ত উৎপাদন, বিনিয়োগ ও সেবা খাতের কেন্দ্রে পরিণত করাই সরকারের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীদের জন্য বাংলাদেশকে আরও সহজ, স্থিতিশীল ও নির্ভরযোগ্য করে তুলতে সরকার কাজ করছে বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, নিয়ন্ত্রণব্যবস্থা সহজ করা, বিনিয়োগকারীদের সুরক্ষা জোরদার করা, বিধিবিধান সহজ করা, কর ও ভ্যাট প্রশাসনের উন্নয়ন, মুনাফা সহজে দেশে ফেরত নেওয়ার ব্যবস্থা এবং অবকাঠামোর উন্নয়নে পদক্ষেপ নেওয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক গভীর করার পাশাপাশি জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে নতুন অর্থনৈতিক ব্যবস্থা, ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে অংশীদারত্ব এবং চীনের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নিয়েছে। বাংলাদেশের প্রথম সার্বভৌম বন্ড ইস্যুতে জেপি মর্গানের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, এর মাধ্যমে আন্তর্জাতিক বিনিয়োগকারীরা বাংলাদেশের জন্য একটি নতুন রেফারেন্স পয়েন্ট পেয়েছেন। সরকার স্বল্পমেয়াদি লেনদেনের পরিবর্তে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব চায় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি বিনিয়োগকারীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন। তিনি ওয়াল স্ট্রিটের প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে আত্মবিশ্বাসের সঙ্গে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ এমন একটি শক্তিশালী প্ল্যাটফর্মে পরিণত হতে চায়, যেখান থেকে বিনিয়োগকারীরা বৃহত্তর আঞ্চলিক বাজারে কার্যক্রম পরিচালনা করতে পারবেন। SHARES অর্থনীতি বিষয়: অর্থনীতিওয়াল স্ট্রিটতারেক-রহমানপ্রধানমন্ত্রীবাংলাদেশবিনিয়োগ