প্রবীণ সাংবাদিক সুলতান আহমেদ আশরাফীকে সাংবাদিক সংগঠনের শেষ শ্রদ্ধা প্রকাশিত: ১২:১৭ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ চট্টগ্রাম প্রেসক্লাবের প্রবীণ সদস্য এবং চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) সাবেক সহ-সভাপতি ও কোষাধ্যক্ষ সুলতান আহমেদ আশরাফীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সাংবাদিকরা। সোমবার (১২ অক্টোবর) সকালে নগরীর দেবপাহাড় জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেসক্লাব এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নেতৃবৃন্দ মরহুমের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৮টায় নগরীর পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৭৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সোমবার জোহরের নামাজের পর বাঁশখালী উপজেলার মধ্যম সরল বাইতুর রহমান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দৈনিক আজাদীতে সিনিয়র সহ-সম্পাদক হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘ কর্মজীবনে অভিজ্ঞতা, দক্ষতা ও পেশাদারত্বের মাধ্যমে তিনি সাংবাদিকতা অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। জানাজায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে ছিলেন বিএফইউজে সহ-সভাপতি শহীদ উল-আলম, সিইউজে সিনিয়র সহ-সভাপতি স. ম. ইব্রাহিম, চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি সালাউদ্দিন মোহাম্মদ রেজা, সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ফরিদ, সাধারণ সম্পাদক দেবদুলাল ভৌমিক, সিইউজে সাধারণ সম্পাদক সবুর শুভ, সাবেক সভাপতি মোস্তাক আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলাম, বিএফইউজের নির্বাহী সদস্য প্রণব বড়ুয়া অর্ণব, সিইউজের প্রচার সম্পাদক মিনহাজুল ইসলাম, নির্বাহী সদস্য আহসান হাবিবুল আলম, দৈনিক আজাদীর প্রধান প্রতিবেদক হাসান আকবর, সহযোগী সম্পাদক রাশেদ রউফ, জ্যেষ্ঠ সাংবাদিক নিযাম উদ্দিন ও সাইফুদ্দিন খালেদ এবং সহসম্পাদক রেজাউল করিমসহ আরও অনেকে। প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিইউজে সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ। এক যৌথ বিবৃতিতে তাঁরা জানান, সুলতান আহমেদ আশরাফীর বিদায়ে চট্টগ্রামের সাংবাদিকতা অঙ্গন একজন গুণী ও অভিজ্ঞ ব্যক্তিকে হারাল। নেতৃবৃন্দ তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। SHARES রাজনীতি বিষয়: চট্টগ্রামজানাজাপ্রেসক্লাবমৃত্যুসাংবাদিকসিইউজে