রাউজানে শেষ হলো মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ১২, ২০২৬ নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের জানাজা ও দাফন সোমবার সকালে চট্টগ্রামের রাউজানে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। সকাল ১১টার দিকে গহিরায় তাঁর গ্রামের বাড়ির সামনে জানাজা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশ নেন। জানাজা শেষে বিশেষ মোনাজাতের পর তাঁকে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত করা হয়। সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার গহিরায় গ্রামের বাড়ির সামনে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাকে ঘিরে রাউজান থানা পুলিশ কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছিল। পারিবারিক সূত্র জানিয়েছে, এই আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিবেশী ও স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী স্থানীয়দের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছিলেন। রোটনের মরদেহ রোববার বেলা সাড়ে ১১টার দিকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে আনা হয় এবং রাতে চট্টগ্রামে পৌঁছায়। ঢাকার ধানমন্ডির তাকওয়া মসজিদে প্রথম জানাজার পরিকল্পনা থাকলেও প্রশাসনের বাধার মুখে তা বাতিল করা হয়। ফুসফুসের ক্যানসারে আক্রান্ত হয়ে ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার মাহফুজুল হায়দার চৌধুরী রোটন শেষ নিশ্বাস ত্যাগ করেন। রাজনৈতিক জীবনে তিনি ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এছাড়া ২০১৮ সালের জাতীয় নির্বাচনে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে দলের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন, তবে তখন মনোনয়ন পাননি। পরবর্তীতে ২০২১ সালে তাঁকে বাংলাদেশ আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য করা হয়েছিল। SHARES রাজনীতি বিষয়: চট্টগ্রামছাত্রলীগজানাজামাহফুজুল হায়দার চৌধুরী রোটনরাউজান