৫ আগস্ট নয়াপল্টনে মহাসমাবেশ করবে ১১ দলীয় জোট

প্রকাশিত: 10:00 AM, July 31, 2026

জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট রাজধানীর নয়াপল্টনে মহাসমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। এই কর্মসূচি সফল করার লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করতে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা হয়। একই সঙ্গে ৫ আগস্টের সমাবেশ সফল করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও করণীয় বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জোটের ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে, যা আগামী ৩ আগস্ট শীর্ষ নেতাদের বৈঠকে চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

বৈঠকে সভাপতিত্ব করেন ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ। এ সময় জোটের অন্যান্য শীর্ষ নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সহসভাপতি ও মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহসভাপতি আব্দুল মাজেদ আতহারী, বিডিপির চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বিডিপির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিসের মুরশিদ সিদ্দিকী এবং লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার।

বৈঠকে সম্প্রতি হবিগঞ্জে ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতাদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করা হয়। জোটের পক্ষ থেকে এই হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।