ইমরান খানের স্বাস্থ্য ইস্যুতে উত্তপ্ত পাকিস্তানের সিনেট প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানের স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত বিষয় নিয়ে মঙ্গলবার সিনেটে সরকার এবং পাকিস্তান তেহরিকে ইনসাফ (পিটিআই) সদস্যদের মধ্যে তীব্র বাগযুদ্ধ হয়েছে। পিটিআই সিনেটর আলী জাফর বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতি আস্থা প্রকাশ করে একটি প্রস্তাব উত্থাপনের জন্য মোশন দেন। তিনি অভিযোগ করেন, সরকার ইমরান খানকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেয়নি এবং মেডিকেল বোর্ড গঠন করেনি। আলী জাফরের দাবি, সুপ্রিম কোর্টের আদেশ লঙ্ঘন করে নিরাপত্তা কারণ দেখিয়ে কর্তৃপক্ষ তাকে পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস (পিআইএমএস)-এ নিয়ে গেছে। তিনি আরও অভিযোগ করেন, সরকার বিচার বিভাগের সর্বোচ্চ কর্তৃত্বের প্রতি আস্থা প্রকাশ করার প্রস্তাবে স্বাক্ষর করতে অস্বীকৃতি জানিয়েছে, যা বিচার বিভাগের প্রতি সরকারের অনীহার বহিঃপ্রকাশ। আলী জাফর বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতে পারে, কিন্তু কারো স্বাস্থ্য নিয়ে খেলা করা উচিত নয়। পিটিআই সিনেটরের বক্তব্যের জবাবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা রানা সানাউল্লাহ পাল্টা অভিযোগ করেন যে, পিটিআই ইমরান খানের স্বাস্থ্য নিয়ে রাজনীতি করছে। তিনি বলেন, আদালতের নির্দেশ মানা হয়েছে কি না, তা নির্ধারণ করার এখতিয়ার একমাত্র আদালতের। রানা সানাউল্লাহ দাবি করেন, সরকার আদালতের সিদ্ধান্ত অনুযায়ীই ব্যবস্থা নিয়েছে এবং ইমরান খানকে শিফা হাসপাতালে নেওয়া হয়েছিল, তবে শেষ মুহূর্তে নিরাপত্তাজনিত কারণে তাকে সরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। তিনি জানান, শিফা হাসপাতালের বাইরে তৈরি হওয়া নিরাপত্তা পরিস্থিতির প্রমাণ সরকার ও প্রশাসন আদালতের সামনে উপস্থাপন করবে। রানা সানাউল্লাহ জোর দিয়ে বলেন, ইমরান খানের চিকিৎসার ক্ষেত্রে কোনো অবহেলা হয়নি এবং ভবিষ্যতেও হবে না। চিকিৎসা পরীক্ষার পর ইমরান খানকে পিআইএমএস থেকে আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়েছে। এর আগে ১৮ আগস্ট সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষকে সাবেক প্রধানমন্ত্রীকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছিল। এই আদেশের পর পিটিআই আদালত অবমাননার আবেদনও করেছে। SHARES রাজনীতি বিষয়: ইমরান খানপাকিস্তানপিটিআইরানা সানাউল্লাহসিনেট