রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে যা বললেন বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রকাশিত: 3:30 PM, July 25, 2026 রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জন ও পরিস্থিতির বিষয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি স্পষ্ট জানিয়েছেন, রাষ্ট্রপতি পদত্যাগ করবেন—এমনটা তাঁরও মনে হয়নি। তবে গণমাধ্যমে বিষয়টি নিয়ে যে ধরনের প্রচারণা ও আলোচনা চলছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিয়েছে বলে তিনি উল্লেখ করেন। শনিবার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী এসব কথা বলেন। এ সময় বিএনপির ১২ জন নেতা, যারা বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে দায়িত্বপ্রাপ্ত, তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির পদত্যাগপত্রের বিষয়ে রিজভী বলেন, “রাষ্ট্রপতি পদত্যাগ করবেন, আমারও মনে হয়নি। কিন্তু আপনারা গণমাধ্যমে যেভাবে প্রচার চালিয়েছেন, সত্যি সত্যিই সেটা ঘটল। তিনি তাঁর পদত্যাগপত্রে লিখেছেন, স্বাস্থ্যের অবনতি হয়েছে এবং তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। আমরা এটুকুই জানি এবং এই তথ্যের মধ্যেই সীমাবদ্ধ থাকব।” পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন—এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এটি দলের উচ্চপর্যায়ের নীতিনির্ধারণী ফোরামের সিদ্ধান্তের বিষয়। এ বিষয়ে ব্যক্তিগতভাবে তাঁর কোনো তথ্য নেই। রাষ্ট্রপতির বিরুদ্ধে গণমাধ্যমে চলমান অন্যান্য আলোচনা সম্পর্কেও বিএনপি আনুষ্ঠানিকভাবে কিছু জানে না বলে মন্তব্য করেন তিনি। রিজভী পুনরায় নিশ্চিত করেন যে, এ বিষয়ে যে কোনো সিদ্ধান্ত দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম ও নির্বাহী কমিটিই গ্রহণ করবে। সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে বিএনপির নেতাদের নিয়োগের বিষয়ে তিনি বলেন, দায়িত্বপ্রাপ্তরা দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন এবং যোগ্য। তিনি আশা প্রকাশ করেন যে, তাঁরা সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবেন এবং কোনো প্রলোভনে নতি স্বীকার করবেন না। দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে তরুণদের হতাশ না হওয়ার বিষয়টি উল্লেখ করে রিজভী বলেন, যোগ্য নেতাদের মূল্যায়ন করেই বিভিন্ন প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। তারেক রহমানের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রিজভী জানান, চার মাসের মধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও হেলথ কার্ড চালুর অঙ্গীকার করা হয়েছে। এছাড়া এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা এবং তরুণদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কাজ চলছে। তিনি জোর দিয়ে বলেন, এসব কর্মসূচির মাধ্যমে বেকারত্ব কমানো এবং জাতি গঠনে তরুণদের ভূমিকা নিশ্চিত করা সম্ভব হবে। পরিশেষে, নবনিযুক্তদের প্রতি তাঁর আহ্বান, সততা ও নিষ্ঠার মাধ্যমে তাঁরা প্রমাণ করবেন যে রাজনৈতিক নেতৃত্ব রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনায় সক্ষম। SHARES রাজনীতি বিষয়: জিয়াউর রহমানপদত্যাগবিএনপিরাষ্ট্রপতিরুহুল কবির রিজভী