নেত্রকোনা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক ও বিজ্ঞান ক্লাবের উদ্বোধন

প্রকাশিত: 8:02 PM, August 4, 2026

নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের হলরুমে মঙ্গলবার এক উৎসবমুখর পরিবেশে বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এবং প্রতিষ্ঠানের অধ্যক্ষ লুৎফুল হায়দার ফকিরের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ্ আল বাকিউল বারী এবং জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীর আহাম্মদসহ অন্যান্যরা।

উদ্বোধনী আয়োজনে শিক্ষার্থীরা প্রাণবন্ত বিতর্ক প্রতিযোগিতা, উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী, ভাষাগত দক্ষতা উন্নয়নে কথোপকথনভিত্তিক কার্যক্রম এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে উপস্থিত সকলের প্রশংসা অর্জন করে।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষা কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের যুক্তিবোধ, নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগ দক্ষতা, আত্মবিশ্বাস এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে এসব ক্লাবের কার্যক্রম নিয়মিত ও কার্যকরভাবে পরিচালনার ওপর তারা গুরুত্বারোপ করেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের কেবল পরীক্ষায় ভালো ফল করলেই হবে না; তাদের চিন্তাশীল, উদ্ভাবনী, যুক্তিনির্ভর এবং মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। তিনি বিতর্ক, বিজ্ঞান, ল্যাঙ্গুয়েজ ও কালচারাল ক্লাবের কার্যক্রমকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং এসব ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নেতৃত্ব, উদ্ভাবনী চিন্তা ও ব্যক্তিত্ব বিকাশের একটি শক্তিশালী ভিত্তি তৈরি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।