গত ছয় মাসে বিচারবহির্ভূত কোনো হত্যাকাণ্ড ঘটেনি: সংসদীয় কমিটি প্রকাশিত: ৮:৩৩ অপরাহ্ণ, আগস্ট ৩০, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি জানিয়েছে, গত ছয় মাসে দেশে কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। রবিবার (৩০ আগস্ট) জাতীয় সংসদ ভবনে কমিটির সভাপতি জয়নুল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠিত দ্বিতীয় বৈঠকে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করার সময় এই তথ্য উঠে আসে। কমিটির দাবি অনুযায়ী, এই সময়ে মব তৈরির চেষ্টা থাকলেও কোনো রাজনৈতিক নিপীড়নের ঘটনা ঘটেনি। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাত্রাতিরিক্ত বলপ্রয়োগ থেকেও বিরত ছিল। বৈঠকে মিরাজ শেখের অপহরণের ঘটনায় সরকারের ওপর দায় চাপানোর চেষ্টার বিষয়টিও আলোচিত হয়। এ সময় কমিটির সদস্যরা এ ধরনের দোষারোপের রাজনীতি বা ‘ব্লেম গেম’ থেকে বিরত থাকার পক্ষে মত দেন। বৈঠকে ‘গুম প্রতিরোধ ও প্রতিকার বিল, ২০২৬’ পরীক্ষাপূর্বক রিপোর্ট দেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বিলটি সংসদে পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুম প্রতিরোধ ও প্রতিকারের লক্ষ্যে এ ধরনের গুরুত্বপূর্ণ বিল প্রণয়ন ও উত্থাপনের উদ্যোগ গ্রহণ করায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে কমিটি ধন্যবাদ জানিয়েছে। তবে বৈঠকের একপর্যায়ে কমিটির সদস্য মো. নূরুল ইসলাম ও মো. আব্দুল বাতেন ওয়াকআউট করেন। ওয়াকআউটের বিষয়ে কমিটির সভাপতি জয়নুল আবেদীন বলেন, কমিটির সদস্যদের যেকোনো সংশোধনী বা মতামত সভায় তুলে ধরার সুযোগ রয়েছে এবং এটিই তাদের দায়িত্ব। তবে সভা থেকে ওয়াকআউট করা সংসদীয় রীতিনীতির অংশ নয় বলে তিনি উল্লেখ করেন। বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, পুলিশ মহাপরিদর্শক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালক, সংশ্লিষ্ট সংস্থার প্রধান এবং জাতীয় সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES জাতীয় বিষয়: আইনশৃঙ্খলা পরিস্থিতিগুম প্রতিরোধ বিলবিচারবহির্ভূত হত্যাকাণ্ডসংসদীয় কমিটিস্বরাষ্ট্র মন্ত্রণালয়