সিটি ব্যাংকের অর্ধবার্ষিক মুনাফা ৫০০ কোটি টাকা ছাড়াল প্রকাশিত: ২:০৪ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৬ চলতি বছরের প্রথম ছয় মাসে দেশীয় মালিকানাধীন সিটি ব্যাংকের মুনাফা ৫ বিলিয়ন বা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছরের প্রথম ছয় মাসের তুলনায় চলতি বছরের একই সময়ে ব্যাংকটির মুনাফা ২২৬ কোটি টাকা বা ৭৫ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। ব্যাংকটির জানুয়ারি-জুন বা অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে। সোমবার ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় এই আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করা হয় এবং মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) মাধ্যমে বিনিয়োগকারীদের বিষয়টি জানানো হয়। আর্থিক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথমার্ধে ব্যাংকটির কর-পরবর্তী সমন্বিত মুনাফা দাঁড়িয়েছে ৫২৭ কোটি টাকায়, যা গত বছরের একই সময়ে ছিল ৩০১ কোটি টাকা। মুনাফা বৃদ্ধির প্রধান কারণ হিসেবে সুদ আয় বৃদ্ধি এবং সরকারি বিল-বন্ডে বিনিয়োগ থেকে উল্লেখযোগ্য আয়কে চিহ্নিত করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি ঋণের সুদ বাবদ ২ হাজার ৭৮৫ কোটি টাকা আয় করেছে, যেখানে গত বছরের একই সময়ে এই আয় ছিল ২ হাজার ৬৪৪ কোটি টাকা। অর্থাৎ এক বছরের ব্যবধানে ঋণের সুদ থেকে আয় বেড়েছে ১৪১ কোটি টাকা বা ৫ শতাংশের বেশি। একই সময়ে আমানতের সুদ বাবদ ব্যাংকটির খরচ হয়েছে ২ হাজার ৫৬২ কোটি টাকা, যা গত বছরের ২ হাজার ৪৫৩ কোটি টাকার তুলনায় ১০৯ কোটি টাকা বা প্রায় সাড়ে ৪ শতাংশ বেশি। অর্থাৎ আমানতের সুদ ব্যয়ের তুলনায় ঋণের সুদ আয় বেশি বেড়েছে। বিনিয়োগ ও কমিশন খাত থেকেও ব্যাংকটির আয় বেড়েছে। সরকারি বিভিন্ন বিল-বন্ডে বিনিয়োগ থেকে ব্যাংকটি ১ হাজার ৯১১ কোটি টাকা আয় করেছে, যা গত বছরের ১ হাজার ৬৫৪ কোটি টাকার চেয়ে ২৫৭ কোটি টাকা বা সাড়ে ১৫ শতাংশ বেশি। এছাড়া বিভিন্ন ধরনের কমিশন থেকে আয় হয়েছে ৫২৯ কোটি টাকা, যা গত বছরের ৪২৬ কোটি টাকার চেয়ে ১০৩ কোটি টাকা বেশি। পাশাপাশি মন্দ ঋণের বিপরীতে নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশনিং বাবদ ব্যয় গত বছরের ৬৫৭ কোটি টাকা থেকে কমে এ বছর ৪৭৪ কোটি টাকায় নেমে এসেছে। এতে ব্যাংকটির ১৮৩ কোটি টাকা সাশ্রয় হয়েছে। এসব কারণেই বছরের প্রথমার্ধে মুনাফা প্রথমবারের মতো ৫ বিলিয়ন বা ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। গত বছর শেষে সিটি ব্যাংক প্রথমবারের মতো ১ হাজার ৩২৪ কোটি টাকার রেকর্ড মুনাফা অর্জন করেছিল। সংশ্লিষ্টরা বলছেন, ব্যবসার এই ধারা অব্যাহত থাকলে চলতি বছর শেষে নতুন রেকর্ড হতে পারে। এদিকে, মুনাফায় বড় প্রবৃদ্ধির খবরে শেয়ারবাজারে ব্যাংকটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে। মঙ্গলবার ডিএসইতে লেনদেনের প্রথম দুই ঘণ্টায় ব্যাংকটি লেনদেনের দিক থেকে সপ্তম অবস্থানে ছিল। এ সময় পর্যন্ত ব্যাংকটির ১৩ কোটি টাকার বেশি শেয়ার হাতবদল হয়েছে এবং প্রতিটি শেয়ারের দাম ২০ পয়সা বেড়ে ৩২ টাকায় দাঁড়িয়েছে। SHARES অর্থনীতি বিষয়: আর্থিক প্রতিবেদনব্যাংকিং খাতমুনাফাশেয়ার বাজারসিটি ব্যাংক