ভিয়েতনামে ইসরাইলি সেনার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ও মামলা প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২৬ গাজা উপত্যকা ও দক্ষিণ লেবাননে যুদ্ধাপরাধ, গণহত্যা এবং গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে ইসরাইলি রিজার্ভ বাহিনীর এক সদস্যের বিরুদ্ধে ভিয়েতনামে ফৌজদারি অভিযোগ দায়ের করা হয়েছে। বেলজিয়ামের ব্রাসেলসভিত্তিক মানবাধিকার সংস্থা ‘হিন্দ রজব ফাউন্ডেশন’ (এইচআরএফ) এ অভিযোগ করেছে বলে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে। অভিযুক্ত সেনার নাম মাতান জেরাফি। তিনি ইসরাইলি সংগঠন ‘ইম তিরজু’-র প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি ইসরাইলি বাহিনীর ৭৬৯তম ব্রিগেডের ৯২০তম পদাতিক ব্যাটালিয়নের সদস্য ছিলেন। হিন্দ রজব ফাউন্ডেশন তাদের বিবৃতিতে জানিয়েছে, জেরাফি গাজা ও দক্ষিণ লেবাননে বেসামরিক অবকাঠামো ও সম্পত্তি ধ্বংসের ঘটনায় তার সরাসরি অংশগ্রহণের কথা নথিবদ্ধ করেছেন। তথ্যপ্রমাণ অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বর থেকে ২০২৪ সালের জানুয়ারির মধ্যে গাজা শহরের শুজাইয়া ও রিমাল এলাকা এবং মধ্য গাজার বুরেজ ও মাগাজি শরণার্থী শিবিরে ধ্বংসযজ্ঞে তিনি অংশ নেন। পরবর্তীতে ২০২৪ সালের অক্টোবর ও নভেম্বরের মাঝামাঝি সময়ে দক্ষিণ লেবাননে স্থানান্তরিত হওয়ার পরও তিনি একই ধরনের কর্মকাণ্ড চালিয়েছেন। সংস্থাটি জেরাফির বিরুদ্ধে প্রকাশ্যে গণহত্যার উসকানির অভিযোগ এনেছে। তারা জানিয়েছে, জেরাফি ফিলিস্তিনিদের গাজা থেকে বিতাড়িত করার পক্ষে বক্তব্য দিয়েছেন, বেসামরিক নাগরিকদের ওপর হামলাকে যৌক্তিক বলে দাবি করেছেন এবং মানবিক সহায়তা প্রবেশের বিরোধিতা করেছেন। এমনকি ১ ফেব্রুয়ারি, ২০২৪-এ তিনি মন্তব্য করেছিলেন যে, গাজার বেসামরিক নাগরিকরা হামাসের অংশ এবং তাদের প্রতি দয়া দেখানো উচিত নয়। এইচআরএফ-এর মহাপরিচালক দিয়াব আবু জাহজাহ ও লিটিগেশন প্রধান নাটাচা ব্রাক ভিয়েতনাম কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছেন, আন্তর্জাতিক আইন ও চুক্তি অনুযায়ী জেরাফিকে অবিলম্বে গ্রেপ্তার করে তদন্ত শুরু করা হোক। উল্লেখ্য, ২০২৪ সালের ২৯ জানুয়ারি গাজা শহরে ইসরাইলি হামলায় নিহত ফিলিস্তিনি শিশু হিন্দ রজবের নামানুসারে এই সংস্থাটির নামকরণ করা হয়েছে, যা ইসরাইলি সামরিক কর্মকর্তাদের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করতে কাজ করে যাচ্ছে। SHARES আন্তর্জাতিক বিষয়: ইসরাইলগাজাভিয়েতনামযুদ্ধাপরাধলেবাননহিন্দ রজব ফাউন্ডেশন