কোক স্টুডিও বাংলায় নন্দিতা ও অঙ্কনের নতুন গান ‘মথুরা’

প্রকাশিত: ১০:৩২ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২৬

কোক স্টুডিও বাংলা সিজন ৪-এর পঞ্চম গান হিসেবে মুক্তি পেতে যাচ্ছে ‘মথুরা’। অধরা ভালোবাসা এবং না-পাওয়ার চিরন্তন আক্ষেপের গল্প নিয়ে তৈরি হয়েছে সেমি-ক্লাসিক্যাল ঘরানার এই গানটি। আজ সন্ধ্যা ৭টায় কোক স্টুডিও বাংলার অফিসিয়াল চ্যানেল ও সব ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্মে গানটি একযোগে প্রকাশ করা হবে।

নতুন এই গানটির কথা ও সুর করেছেন অঙ্কন কুমার রায়। গানটিতে তার সঙ্গে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সুপরিচিত গায়িকা সানজিদা মাহমুদ নন্দিতা। ‘মথুরা’র চমৎকার সংগীতায়োজন করেছেন শুভেন্দু দাস শুভ। অঙ্কন ও নন্দিতার কণ্ঠে গানটিতে বিরহ, না-বলা কথা ও অপূর্ণ ভালোবাসার গভীর অনুভূতিগুলো ফুটিয়ে তোলা হয়েছে।

গানটির মূল বিষয়বস্তু হচ্ছে এমন দুই মানুষের গল্প, যাদের মন এক হলেও বাস্তবতার কারণে জীবন বয়ে চলে ভিন্ন দুটি পথে। ভালোবাসা থাকা সত্ত্বেও একসঙ্গে না হতে পারার সেই চিরচেনা বেদনাদায়ক অনুভূতিই এই গানের মাধ্যমে প্রকাশ পেয়েছে। রাধা-কৃষ্ণ, লাইলী-মজনু কিংবা রোমিও-জুলিয়েটের মতো কালজয়ী প্রেমকাহিনিতে যে অপূর্ণতার আকুলতা যুগের পর যুগ বেঁচে রয়েছে, ‘মথুরা’ গানটিতেও সেই একই সুরের রেশ রয়ে গেছে। জীবনে যে সম্পর্কগুলো কখনো পূর্ণতা পায় না, স্মৃতি ও অনুভূতিতে তাদের অস্তিত্ব কীভাবে থেকে যায়, তা-ই তুলে ধরা হয়েছে এই সৃষ্টিতে।

ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।

নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected] কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত