মিরপুরে দুর্বৃত্তের গুলিতে যুবদল কর্মী নিহত, আহত দুই ব্যবসায়ী প্রকাশিত: 10:31 AM, July 25, 2026 রাজধানীর মিরপুর-১৩ নম্বরের ই-ব্লকে দুর্বৃত্তদের এলোপাথাড়ি গুলিতে ইউসুফ আলী (৪৫) নামে এক যুবদল কর্মী নিহত হয়েছেন। শুক্রবার রাত ১১টার দিকে ওপেক্স পোশাক কারখানার সামনে এ ঘটনা ঘটে। এতে দুই ব্যবসায়ীও গুলিবিদ্ধ হয়েছেন। নিহত ইউসুফ আলী বরিশালের উজিরপুর থানার সাকরাল গ্রামের মৃত শাহজাহানের ছেলে এবং তিনি কাফরুলে পরিবারের সঙ্গে থাকতেন। গুলিবিদ্ধ আহতরা হলেন কাঁচামাল ব্যবসায়ী নালাম সরদার (৪৫) ও ফুটপাতের কাপড় ব্যবসায়ী মনির হোসেন (৩২)। নালামের মাথার পেছনে এবং মনিরের পায়ে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শী ও নিহতের রাজনৈতিক সহকর্মী মামুন জানান, ঘটনার রাতে তিনি ও ইউসুফসহ চারজন ওপেক্স গার্মেন্টসের সামনে আড্ডা দিচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা ৪-৫ জন যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে ইউসুফ তাদের পরিচয় জানতে চান। তাদের একজন মিরপুর-১০ এর বাসিন্দা দাবি করলে ইউসুফ তাদের থামার অনুরোধ করেন। এ নিয়ে বাগ্বিতণ্ডার এক পর্যায়ে এক যুবক ইউসুফকে ধাক্কা দিয়ে পিস্তল বের করে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে। এতে ইউসুফ বুকে গুলিবিদ্ধ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের সহায়তায় দ্রুত তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। মামুন জানান, আহত অপর দুইজন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন আছেন। ঘটনার পর স্থানীয়রা আক্রমণকারীদের একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক ইউসুফ আলীকে মৃত ঘোষণা করেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। SHARES রাজনীতি বিষয়: অপরাধগুলিঢাকা মেডিকেলনিহতমিরপুরযুবদল