বিদেশ ভ্রমণে পরিচয় প্রকাশে ভয় পান ৫২ শতাংশ ইসরাইলি: জরিপ প্রকাশিত: ১২:২১ অপরাহ্ণ, আগস্ট ২৪, ২০২৬ বিদেশ ভ্রমণের সময় নিজেদের ইসরাইলি পরিচয় প্রকাশ করতে ভয় বা উদ্বেগের মধ্যে থাকেন দেশটির অর্ধেকের বেশি নাগরিক। 'সেন্টার ফর জুইশ ইমপ্যাক্ট' পরিচালিত সাম্প্রতিক এক জরিপে এই তথ্য উঠে এসেছে। জরিপে অংশগ্রহণকারী ৫২ শতাংশ মানুষই বিদেশে নিজেদের পরিচয় প্রকাশে এই ভীতির কথা স্বীকার করেছেন। জরিপ অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে নিজেদের আচরণে পরিবর্তন এনেছেন ৪১ শতাংশ ইসরাইলি। তাদের কেউ কেউ ভ্রমণের গন্তব্য বদলেছেন, কেউ সফর বাতিল করেছেন, আবার কেউ বিদেশে নির্দিষ্ট কিছু কার্যক্রম এড়িয়ে চলছেন। এছাড়া আন্তর্জাতিক অঙ্গনে দেশের নীতি ও অবস্থান তুলে ধরার ক্ষেত্রেও নাগরিকদের মধ্যে অসন্তোষ দেখা গেছে। জরিপে অংশ নেওয়া ৭০ শতাংশ মানুষই মনে করেন আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি তুলে ধরার কার্যক্রম বা জনকূটনীতি সম্পূর্ণ অকার্যকর। মাত্র ২৩ শতাংশ উত্তরদাতা মনে করেন যে ইসরাইল বিশ্বমঞ্চে নিজেদের নীতি কার্যকরভাবে তুলে ধরতে পারছে। তবে ৬৪ শতাংশ মানুষ যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরাইলের কৌশলগত সম্পর্ক শক্তিশালী বলে বিশ্বাস করেন। দেশের আন্তর্জাতিক অবস্থান স্থায়ীভাবে দুর্বল হয়ে পড়েছে বলে অবশ্য অধিকাংশ ইসরাইলি মনে করেন না। জরিপে অংশ নেওয়া ৩৩ শতাংশ উত্তরদাতার মতে, দীর্ঘমেয়াদি জাতীয় কৌশল তৈরি করে যোগাযোগব্যবস্থা ও জনকূটনীতি শক্তিশালী করা এখন সবচেয়ে জরুরি কাজ। ২৫ শতাংশ মনে করেন সরকারের নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় পরিবর্তন আনা প্রয়োজন। অপরদিকে, মাত্র ১৪ শতাংশ মানুষ বিশ্বাস করেন যে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থানের আর কোনো উল্লেখযোগ্য উন্নতি করা সম্ভব নয়। এদিকে ইসরাইলের অভ্যন্তরীণ সামাজিক পরিস্থিতির বিষয়ে কিছু ইতিবাচক মনোভাব লক্ষ্য করা গেছে। জরিপে অংশ নেওয়া ৭৩ শতাংশ মানুষ মনে করেন যে ইসরাইল এখনও একটি ঐক্যবদ্ধ সমাজ হিসেবে টিকে থাকতে সক্ষম। এর আগে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে পরিচালিত জরিপে এই হার ছিল ৬৭ শতাংশ। তবে দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সহাবস্থানের প্রশ্নে ভিন্ন চিত্র দেখা গেছে। ধর্মনিরপেক্ষ ইসরাইলি ও কট্টরপন্থী অর্থডক্স ইহুদিদের মধ্যে সহাবস্থান সম্ভব বলে মনে করেন ৬৪ শতাংশ উত্তরদাতা। কিন্তু ইহুদি ও আরবদের মধ্যে সহাবস্থান সম্ভব বলে বিশ্বাস করেন মাত্র ৪২ শতাংশ মানুষ। SHARES আন্তর্জাতিক বিষয়: আন্তর্জাতিক সম্পর্কইসরাইলজনকূটনীতিজরিপবিদেশ ভ্রমণ