ভবিষ্যৎ শিল্পায়নের লক্ষ্যে নতুন দ্বীপ গড়ার পরিকল্পনা সিঙ্গাপুরের প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২৬ শিল্প, জ্বালানি ও প্রতিরক্ষা খাতের ভবিষ্যৎ চাহিদা পূরণের লক্ষ্যে নতুন একটি দ্বীপ তৈরির উচ্চাভিলাষী পরিকল্পনা গ্রহণ করেছে সিঙ্গাপুর। দেশটির প্রধানমন্ত্রী লরেন্স ওয়ং সম্প্রতি ন্যাশনাল ডে র্যালিতে এই পরিকল্পনার কথা ঘোষণা করেন। আগামী কয়েক দশক ধরে সমুদ্র থেকে ভূমি পুনরুদ্ধারের মাধ্যমে এই নতুন পশ্চিমাঞ্চলীয় দ্বীপটি গড়ে তোলা হবে। প্রস্তাবিত এই প্রকল্পটি সিঙ্গাপুরের বিদ্যমান গুরুত্বপূর্ণ শিল্প ও জ্বালানি কেন্দ্র জুরং দ্বীপের দক্ষিণে অবস্থিত হবে। পরিকল্পনা অনুযায়ী, পালাউ সেমাকাউ, পালাউ বুকোম এবং পালাউ সুদংসহ বেশ কয়েকটি ছোট দ্বীপকে একীভূত করে এই নতুন ভূখণ্ডটি তৈরি করা হবে। বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের ফলে সিঙ্গাপুরের শিল্প ও জ্বালানি অবকাঠামোর জন্য প্রয়োজনীয় বিশাল জায়গা পাওয়া যাবে। সেখানে হাইড্রোজেন, অ্যামোনিয়া, উন্নত উৎপাদনশিল্প এবং বিভিন্ন ধরনের কম-কার্বন জ্বালানি ব্যবস্থা স্থাপনের সুযোগ তৈরি হবে, যা জুরং দ্বীপের বর্তমান শিল্প কার্যক্রমকেও আরও গতিশীল করবে। বিশেষজ্ঞরা নতুন এই দ্বীপে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের অবকাঠামো স্থাপনের সম্ভাবনাও দেখছেন। যদিও সিঙ্গাপুর এখনো পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি এবং এ নিয়ে আরও গভীর গবেষণা ও সমীক্ষার প্রয়োজনীয়তা রয়েছে। তবে সমুদ্রের কাছাকাছি হওয়ায় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শীতলীকরণে প্রয়োজনীয় পানি পাওয়া সহজ হবে এবং মূল ভূখণ্ডের জায়গা দখল না করেই এই স্থাপনা গড়া সম্ভব হবে বলে মনে করছেন তারা। তবে এই প্রকল্প বাস্তবায়নে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে দেশটি। ভূমি পুনরুদ্ধার, পরিবহন ব্যবস্থা, বিদ্যুৎ ও অন্যান্য ইউটিলিটি অবকাঠামো নির্মাণে বিপুল বিনিয়োগের প্রয়োজন হবে। এছাড়া সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, জরুরি যোগাযোগ ব্যবস্থা এবং পরিবেশগত প্রভাবের মতো বিষয়গুলোও গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, প্রকল্পটি সিঙ্গাপুরের ভবিষ্যৎ শিল্পায়নের জন্য একটি দীর্ঘমেয়াদি ভূমির মজুত হিসেবে কাজ করবে। বর্তমানে কোন নির্দিষ্ট শিল্প সবচেয়ে গুরুত্বপূর্ণ হবে তা নির্ধারণ করা কঠিন হলেও, ভবিষ্যতে জটিল শিল্প অবকাঠামোর প্রয়োজনে এই জায়গাটি অত্যন্ত কার্যকর হবে। এছাড়া জুরং দ্বীপের পাশে আরেকটি বড় জ্বালানি ও শিল্পকেন্দ্র গড়ে উঠলে সিঙ্গাপুরের জ্বালানি নিরাপত্তা ও স্থিতিশীলতা আরও বৃদ্ধি পাবে। SHARES আন্তর্জাতিক বিষয়: জ্বালানিভূমি পুনরুদ্ধারলরেন্স ওয়ংশিল্পায়নসিঙ্গাপুর