এআই গবেষণায় এআইইউবি ও ব্রেন স্টেশন ২৩-এর যৌথ উদ্যোগ প্রকাশিত: ৮:৩৮ অপরাহ্ণ, অক্টোবর ১, ২০২৬ শিল্প খাতের বাস্তব সমস্যা নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) গবেষণা ও থিসিস কার্যক্রম পরিচালনার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) এবং ব্রেন স্টেশন ২৩। গত ২৯ সেপ্টেম্বর এআইইউবি ক্যাম্পাসে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে এই অংশীদারত্ব আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এআইইউবির সহ-উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান এবং ব্রেন স্টেশন ২৩-এর নির্বাহী পরিচালক এম জে ফেরদৌস। অনুষ্ঠানে এআইইউবির উপাচার্য অধ্যাপক সাইফুল ইসলাম, এফএসটির ডিন অধ্যাপক দীপ নন্দীসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং ব্রেন স্টেশন ২৩-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় এআই বেঞ্চমার্কিং, কনভারসেশনাল এআই, মাল্টি এজেন্ট সিস্টেম, ভিশন-ল্যাঙ্গুয়েজ সিস্টেম এবং রিট্রিভাল-অগমেন্টেড জেনারেশন (আরএজি)-এর মতো গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত ক্ষেত্রে যৌথ গবেষণার উদ্যোগ নেওয়া হবে। ব্রেন স্টেশন ২৩ তাদের বাস্তব প্রকল্পের বিভিন্ন সমস্যা শিক্ষার্থীদের গবেষণা ও থিসিস কাজের জন্য উন্মুক্ত করে দেবে। পাশাপাশি প্রতিষ্ঠানটির প্রকৌশলী ও এআই বিশেষজ্ঞরা শিক্ষার্থীদের কারিগরি দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবেন। এই অংশীদারত্বের ফলে শিক্ষার্থীরা বাস্তব সফটওয়্যার ও এআই প্রকল্পে কাজ করার সরাসরি অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পাবেন। এছাড়া দুই প্রতিষ্ঠান যৌথভাবে বিভিন্ন কর্মশালা, সেমিনার ও হ্যাকাথন আয়োজন করবে এবং এআইইউবির ক্যারিয়ার ও ইনোভেশন ফেয়ারে অংশগ্রহণ করবে। অনুষ্ঠানে এআইইউবির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন এফএসটির সহযোগী ডিন অধ্যাপক খন্দকার তাবিন হাসান, র্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিসের পরিচালক অধ্যাপক মাশিউর রহমান এবং হেড অব পাবলিক রিলেশনস আবু মিয়া আকন্দ তুহিন। ব্রেন স্টেশন ২৩-এর পক্ষ থেকে স্ট্র্যাটেজিক বিজনেস ইউনিটের প্রধান আসিফ হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। SHARES শিক্ষা বিষয়: এআইইউবিকৃত্রিম বুদ্ধিমত্তাগবেষণাব্রেন স্টেশন ২৩সমঝোতা