সংসদে যোগ দিতে সরোয়ার আলমগীরের বাধা নেই: আপিল বিভাগ প্রকাশিত: 11:00 AM, July 29, 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে কোনো বাধা নেই। বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ সংক্রান্ত একটি আবেদন কার্যতালিকা থেকে বাদ দেওয়ার আদেশ দেন। এই আদেশের ফলে সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে আইনি কোনো প্রতিবন্ধকতা রইল না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আদালতে সরোয়ার আলমগীরের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী মো. আহসানুল করিম এবং সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন। অন্যদিকে, আপিলকারী ও প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী মুহাম্মদ নুরুল আমীনের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির ও আজিম উদ্দিন পাটোয়ারী। এর আগে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে বৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেছিলেন নুরুল আমীন। তিনি হাইকোর্টের রায়ের কার্যকারিতা স্থগিতের পাশাপাশি আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সরোয়ার আলমগীরের সংসদে অংশগ্রহণের ওপর নিষেধাজ্ঞার আরজি জানান। গত ২৭ ও ২৮ জুলাই উভয়পক্ষের শুনানি শেষে আদালত আজকের দিনটি আদেশের জন্য নির্ধারণ করেছিলেন। উল্লেখ্য, নির্বাচনের আগে ঋণ খেলাপির অভিযোগে নুরুল আমীনের করা আপিলের প্রেক্ষিতে নির্বাচন কমিশন গত ১৮ জানুয়ারি সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল করেছিল। পরে হাইকোর্ট নির্বাচন কমিশনের সেই আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন। পরবর্তীতে ৩ ফেব্রুয়ারি আপিল বিভাগ তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিলেও আপিল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ স্থগিত রাখার নির্দেশ দেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে সরোয়ার আলমগীর বেসরকারিভাবে বিজয়ী হলেও আদালতের নির্দেশনায় তখন ফলাফল প্রকাশ করা হয়নি। পরবর্তীতে ১৬ জুন আপিল বিভাগ হাইকোর্টকে দুই সপ্তাহের মধ্যে রুল নিষ্পত্তির নির্দেশ দেন এবং ৩ ফেব্রুয়ারির অন্তর্বর্তী আদেশ বহাল রাখেন। গত ৯ জুলাই হাইকোর্ট রুল যথাযথ ঘোষণা করে সরোয়ার আলমগীরের প্রার্থিতা বৈধ বলে রায় দেন। এরপর ওই দিনই গেজেট প্রকাশ ও সন্ধ্যায় তাকে শপথ পড়ানো হয়। হাইকোর্টের এই রায়ের কার্যকারিতা স্থগিত চেয়ে গত ১৩ জুলাই নুরুল আমীন পুনরায় আপিল বিভাগে আবেদন করেন। তার আবেদনে উল্লেখ করা হয়, রায়ের লিখিত অনুলিপি প্রকাশের আগেই গেজেট প্রকাশ ও শপথ সম্পন্ন করা হয়েছে। SHARES অন্যান্য বিষয়: আপিল বিভাগচট্টগ্রাম-২নির্বাচন কমিশনসংসদ সদস্যসরোয়ার আলমগীর